ষষ্ঠীতেই জনজোয়ার, সামলাতে হিমশিম পুলিশ! ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল মানকুন্ডুর পুজোমণ্ডপ
দুর্গাপুজো, কালীপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে হুগলি। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুন্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজোমণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কিন্তু সেই ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর সপ্তমীতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এ বার জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন।রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুন্ডুতে দর্শনার্থীদের ঢল নামে। রাত ৮টার পর একাধিক পুজোমণ্ডপে ভিড় আরও বাড়তে থাকে। মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় মানুষের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। এর মধ্যেই মণ্ডপ চত্বরে একটি ভিআইপি কনভয় ঢোকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুরু হয় হুড়োহুড়ি।বড় কোনও দুর্ঘটনা এড়াতে রাত ৮টার পরেই মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিমা দর্শনও বন্ধ রাখা হয়।ওই দিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্য নেতারা। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে ঢোকার পরেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ ও প্রশাসন।অন্য দিকে, চোরবাগানের দুর্ঘটনার পর এ বার প্রথম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনের সময় থেকেই ওই ছয় কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। তাদেরই এ বার পুজোর নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট পাঁচটি জ়োনে ভাগ করা হয়েছে। পাশাপাশি ১১টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। প্রতিটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা।দর্শনার্থীদের ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোই এ বার পুলিশের প্রধান লক্ষ্য। চোরবাগানের ভয়াবহ ঘটনার পর জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনও ভাবেই নিরাপত্তার ফাঁক না থাকে, সে দিকেই নজর রাখছে প্রশাসন।

